জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষিকে আরও টেকসই ও লাভজনক করতে যশোরের শার্শায়, “খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক আধুনিক কৃষি কৃষকের মুখে ফুটবে হাসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে ৩ দিন ব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’। আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল চাষাবাদ ও পানি ব্যবস্থাপনার নানা কৌশল নিয়ে আয়োজিত এ মেলায় কৃষকদের মধ্যে দেখা যায় ব্যাপক আগ্রহ। ৮ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) সকাল ১১টায়, উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার উদ্বোধনী আয়োজন করা হয়। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় কৃষকদের সামনে তুলে ধরা হয় আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সিনিয়র উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামীর উপাধ্যক্ষ ফারুক হাসান, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার কৃষকরা। মেলার শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। মেলার স্টলগুলোতে আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো চাষাবাদ পদ্ধতি এবং পানি ব্যবস্থাপনার বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। পাশাপাশি কৃষকদের এসব প্রযুক্তির ব্যবহার, টেকসই কৃষি ব্যবস্থাপনা ও উৎপাদন বাড়ানোর বিষয়ে দেওয়া হয় প্রয়োজনীয় পরামর্শ। আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিতে আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে একদিকে যেমন কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব, অন্যদিকে কমানো যাবে উৎপাদন খরচ এবং বাড়বে কৃষকের আয়। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি মাঠপর্যায়ে এসব প্রযুক্তির ব্যবহার বাড়ানোই এ মেলার মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। উল্লেখ্য ঃ- এ মেলা শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে এবং শেষ হবে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবারে (২০২৬ ইং)।