অদ্য ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়া পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক উইং এর খুলনা বিভাগীয় আহবায়ক ও এনসিপি কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোতালেব সিকদার (৪২) গুলিবিদ্ধের ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এই ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একইসঙ্গে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও যে সকল সীমান্তে কাঁটাতারের বেড়া নেই সেই সকল সীমান্ত সিলগালা করা হয়েছে ।
এ ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মোঃ মোতালেব সিকদাদের উপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।