মোঃআইয়ুব চৌধুরী রাঙামাটি
রাঙামাটির রাজস্থলী থেকে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদ আলি তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রাজস্থলী থানা পুলিশ সহযোগিতা করে।
রাজস্থলী থানার উপপরিদর্শক নুরজামান জানান, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পুলিশের কাছে ছিল। তিনি রাজস্থলী এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাত থেকে বাসস্টেশন এলাকায় নজরদারি ও অবস্থান নেয় পুলিশ। পরে সকালে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। সকাল ১০টার দিকে তাঁকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার সাজ্জাদ আলি তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস এলাকার হাজির আমির হোসেন বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত ইসহাক তালুকদার।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি নিয়মিত মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে