১। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ, সীমান্ত এলাকায় মাদক ও ডায়মন্ডসহ যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। সে লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে চোরাচালান দমনে এবং সীমান্ত পাহারায় অঙ্গীকারবদ্ধ ও সদা জাগ্রত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০২ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কে নতুনহাট বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর হতে আনুমানিক ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড (হীরক)সহ একজন ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে ডায়মন্ডগুলো নিয়ে যাচ্ছিল। তিনি আরো জানান, ঢাকা হতে চোরাকারবারীদের নিকট হতে ডায়মন্ডগুলো সংগ্রহ করে বেনাপোল হয়ে কলকাতায় অজ্ঞাত ব্যক্তির নিকট হস্তান্তর করবে। আটককৃত ব্যক্তি ভারতের তামিলনাড়ুর অধিবাসী আবু বক্করের ছেলে সুজাউদ্দিন (৫২)। এখানে আরো উল্লেখ্য যে, উক্ত ভারতীয় নাগরিক গত একমাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে বেশ কয়েকবার যাতায়াত করেছে।
২। উক্ত ডায়মন্ড পুলিশের উপস্থিতিতে ডায়মন্ড ওয়ার্ল্ড, যশোর এর প্রতিনিধি কর্তৃক পরীক্ষা করতঃ প্রাথমিকভাবে ডায়মন্ড হিসেবে সনাক্ত করা হয়েছে।
৩। উক্ত ডায়মন্ডের আনুমানিক সিজার মূল্য- ৬,৬১,৩৯,৫৯০/- টাকা। এখানে উল্লেখ্য যে, তার কাছ থেকে ডায়মন্ড ছাড়াও বাংলাদেশী নগদ- ৫,৫৩০/- টাকা, ৫,৮৮০ ভারতীয় রুপি যার মূল্য ৭,৭৬১/- টাকা, ৫৫০ ইউএস ডলার যার মূল্য ৬৭,৬৫০ টাকা, ২০০ থাই বাথ যার মূল্য ৭৫০ টাকা, ০১টি মোবাইল ও ০১টি ডিজিটাল ঘড়ি পাওয়া গেছে।
৪। আটককৃত ডায়মন্ড, বিভিন্ন মুদ্রা ও অন্যান্য সকল জব্দকৃত মালামালের আনুমানিক সর্বমোট সিজারমূল্য-
“৬,৬২,৬৫,১৬১/- (ছয় কোটি বাষট্টি লক্ষ পয়ষট্টি হাজার একশত একষট্টি টাকা)”
৫। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর এবং ডায়মন্ড, ডলার, রুপি এবং থাই বাথ যশোর ট্রেজারীতে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।