অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নেত্রকোণা জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পোশাক শ্রমিকদের অধিকার আদায় ও সংগঠনকে গতিশীল করার অঙ্গীকার নিয়ে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। আজ শহরের স্থানীয় একটি মিলনায়তনে একশত নয় জন ভোটার বিকাল ৪টা থেকে ৬টা বিকাল পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। ইউনিয়নের সাধারণ সদস্যরা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে গণনা প্রক্রিয়ার পর প্রধান নির্বাচন কমিশনার আনুমানিক ফলাফল ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটিতে সভাপতি তাপস কুমার দাস ও সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, কোষাধক্ষ্য ইকরাম তালুকদার (ইমন) সহ অন্যান্য পদে বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করা হলে উপস্থিত শ্রমিকরা আনন্দ-মিছিলে মেতে ওঠেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, “সাধারণ শ্রমিকেরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, আমরা তার মর্যাদা রক্ষা করব। দর্জি শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং বিপদে-আপদে তাদের পাশে থাকাই হবে আমাদের মূল লক্ষ্য।” স্থানীয় শ্রমিক নেতারা আশা প্রকাশ করছেন, এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব জেলায় দর্জি শ্রমিকদের কল্যাণ ও ঐক্য সুদৃঢ় করতে অগ্রণী ভূমিকা পালন করবে।