ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুর জেলাব্যাপী একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) জেলা শহরসহ জেলার পাঁচটি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, হাসপাতাল, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলাভিত্তিক এ অভিযানে নকলা উপজেলায় ৫৬টি স্থানে ৫৮১ জন, শ্রীবরদী উপজেলায় ৩০টি স্থানে ৫৭০ জন, শেরপুর সদর উপজেলায় ১৫১টি স্থানে ১ হাজার ১৮০ জন, ঝিনাইগাতী উপজেলায় ১৩টি স্থানে ১৪৮ জন এবং নালিতাবাড়ী উপজেলায় ৪৫টি স্থানে ৮৭০ জন অংশগ্রহণ করেন। জেলাব্যাপী মোট ২৯৫টি স্থানে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে সর্বমোট ৩ হাজার ৩৪৯ জন অংশ নেন। শেরপুর জেলা শহরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। এছাড়া অন্যান্য উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন। অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। বাড়িঘর, আঙিনা, ছাদ, ফুলের টব ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন শেরপুর গড়ে তুলতে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।