স্টাফ রিপোর্টার আজ সারাদিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করেছে র্যাপিড রেসপন্স বিডি। শুক্রবার, ৯ মে ২০২৫ তারিখে, র্যাপিড রেসপন্স বিডি শেরেবাংলা নগর এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত অ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষার্থীদের পাশাপাশি পথচারীদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়। লিফলেটগুলোতে বজ্রপাত, হিটস্ট্রোক এবং ভূমিকম্পের সময় করণীয় বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করা হয়। কর্মসূচির আয়োজকরা জানান, মানুষকে প্রস্তুত ও সচেতন রাখাই তাদের মূল উদ্দেশ্য। দিনব্যাপী এই উদ্যোগে তরুণ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা প্রত্যেককে নিজ হাতে লিফলেট দেন এবং প্রয়োজনে তথ্য ব্যাখ্যা করেন। র্যাপিড রেসপন্স বিডির সাধারণ সম্পাদক তাসফিক হক নাফিও বলেন,“আমরা বিশ্বাস করি, সচেতনতা মানুষের জীবন বাঁচাতে পারে। আমাদের এ উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় জাতিকে আরও প্রস্তুত করতে সহায়ক হবে।” র্যাপিড রেসপন্স বিডি আশা প্রকাশ করে, এ ধরনের সচেতনতামূলক প্রচারণা মানুষের জীবন রক্ষায় বাস্তব ভূমিকা রাখবে এবং দুর্যোগ মোকাবেলায় জাতি আরও প্রস্তুত হবে।