আসন্ন ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও মতবিনিময় সভায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ। ‘ঐক্য, উন্নয়ন, সমৃদ্ধি ও আগামীর নিশানবাড়িয়া গড়ার প্রত্যয়’—এই স্লোগানকে সামনে রেখে তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ৫ নভেম্বর নিশানবাড়ীয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় তাঁর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজ এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল হক সোহাগ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা তাঁদের বক্তব্যে নিশানবাড়ীয়া ইউনিয়নের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং কাঙ্ক্ষিত উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন। তাঁরা সাধারণ মানুষের অধিকার রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নে সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল হক সোহাগ বলেন, “জনগণের সেবা করার ব্রত নিয়েই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নির্বাচিত হলে নিশানবাড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।” এ সময় তিনি ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও ইউনিয়নে ফ্রি এম্বুলেন্স দিবেন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এলাকার সামগ্রিক উন্নয়নে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। সভা শেষে এলাকার শান্তি, অগ্রগতি ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে