মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি আশা-যশোর সদর জেলার উদ্যোগে আধুনিক প্রযুক্তি ও টেকসই চাষ পদ্ধতিতে গুরুত্ব, উৎপাদন বাড়ানোর প্রত্যাশা মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি ও চাষিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে যশোরের নওয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বুধবার (২২ এপ্রিল ২০২৬) আশা-যশোর সদর জেলা কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণে নোয়াপাড়া ও মনিরামপুর অঞ্চলের ৩০ জন মৎস্যচাষী সদস্য অংশগ্রহণ করেন। নওয়াপাড়া ইনস্টিটিউট হল রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে মাছ চাষের আধুনিক প্রযুক্তি, পুকুর ব্যবস্থাপনা, খাদ্য প্রয়োগ, রোগ প্রতিরোধ এবং বাজারজাতকরণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণটি মাঠ পর্যায়ের চাষিদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করে সাজানো হয়, যা অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত কার্যকর বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব লিপটন সরদার। তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে স্বল্প খরচে অধিক উৎপাদন সম্ভব। সঠিক প্রশিক্ষণই পারে একজন চাষিকে সফল উদ্যোক্তায় পরিণত করতে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা-যশোর সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ ফিরোজ আহমদ, রিজিওনাল ম্যানেজার প্রশান্ত কুমার চাকি এবং ব্রাঞ্চ ম্যানেজার সুজা আহমেদ লাভলুসহ অন্যান্য কর্মকর্তা ও সহকর্মীরা। তারা বলেন, আশা সবসময়ই ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষিরা জানান, তারা নতুন অনেক তথ্য জানতে পেরেছেন, যা বাস্তব জীবনে প্রয়োগ করে উৎপাদন বাড়াতে পারবেন। বিশেষ করে রোগ প্রতিরোধ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে অর্জিত জ্ঞান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তারা। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মৎস্যখাত আরও সমৃদ্ধ হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।