অদ্য ২৮ আগস্ট ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আন্দুলিয়া সীমান্ত এলাকায় অবৈধ ভাবে মৎস্য আহরণ বন্ধে বিজিবি ও জেলা প্রশাসনের সহায়তায় একটি টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্স অভিযানে ২৭,৩০,০০০/- (সাতাশ লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্যের ৪২০টি চায়না দোয়ারী জাল আটক করা হয়। উক্ত টাস্কফোর্স অভিযানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ সাথে ৩০ জন বিজিবি সদস্য, জনাব ডালিয়া নওশিন লুবনা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যশোর এবং জনাব তাসলিমা জেবিন, উপজেলা মৎস্য কর্মকর্তা, চৌগাছা উপস্থিত থেকে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, অবৈধ মৎস্য আহরণ পরিবেশ, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে মারাত্মক ক্ষতিসাধন করে। নিষিদ্ধ জাল যেমন- কারেন্ট জাল, চায়না দোয়ারী জাল, বেহুন্দি জাল, মশারি জাল, চরঘেরা জাল এবং পাঙ্গাস চাঁই ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হয়, যা ছোট-বড় সব ধরনের মাছ এবং প্রজননকালীন মাছকেও ধ্বংস করে। দেশের পরিবেশে জীববৈচিত্র্য নষ্ট ও মৎস্য সম্পদ রক্ষায় সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।