গ্রামীণ মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় কাজ দীর্ঘদিন যাবত করে যাচ্ছে সিমেক ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতা ময়মনসিংহ জেলার ৪০টি স্কুল এবং কলেজের প্রায় তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষা অনুরাগী ও দানবীর, পরোপকারী সমাজসেবক ইঞ্জিনিয়ার সরদার মো. শাহীন, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ওমর ফারুক সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। সম্প্রতি ময়মনসিংহ ত্রিশালের বালিপাড়ায় সিমেক পল্লীতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ তুলে দেওয়ার পাশাপাশি তাদের উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম শেষে শিক্ষার্থীদের মাঝে সিমেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার সরদার মো. শাহীনের রচিত ‘হারানো শৈশব; কুড়ানো সেই সব’ এবং সদ্য প্রকাশিত ‘তখনো শান্তা কাঁদেনি’ বই দুটি বিনামূল্যে বিতরণ করা হয়। সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদানের মূল লক্ষ্য কেবল বৃত্তি দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের ভেতরে সুশিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগিয়ে তোলা।