শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণা -২ (সদর -বারহাট্টা)আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘সরকার শ্রমিকদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার শ্রমিকবান্ধব সরকার। ‘ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই জননেত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়ে তুলছেন।দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমৃদ্ধির পথে। বর্তমান সরকার সকল ক্ষেত্রেই শৃংখলাবোধ ও শ্রমিকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। তিনি সড়কে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শনিবার দুপুরে নেত্রকোণা পাবলিক হলে অনুষ্ঠিত জেলা সিএনজি চালক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা সিএনজি চালক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত সরকার সজল, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, শ্রম অধিদপ্তরের পরিচালক রাকিবুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফ খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আশরাফ আলী সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন, জেলা সিএনজি চালক ইউনিয়নের সভাপতি সারোয়ার আলম রোকন ও সাধারণ সম্পাদক বাছিরউল্লাহ প্রমুখ।